
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টার দিকে সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ উদ্বোধন কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, সারা দেশের মতো সিরাজগঞ্জ জেলাতেও একযোগে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলায় ৩ লাখ ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ তারিখ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে, যেখানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। জেলার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি)
মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী কয়েকদিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে।
সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন খন্দকার বলেন, এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হবে, যা ভবিষ্যতে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে তাদের সন্তানদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানান।











