
অনলাইন ডেস্ক মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দেশটিতে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল-আকসা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৫৯ বছর পর মসজিদটিতে ঈদের নামাজের ওপর নিষেধাজ্ঞা দিলো ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর রোয়া নিউজের।
ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধ পরিস্থিতির অজুহাতে এই নিষেধাজ্ঞা জারি করেছে। ফিলিস্তিনিরা শুক্রবার মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন পুরনো শহরের কাছে জড়ো হয়ে যতটা সম্ভব আল-আকসা মসজিদের কাছাকাছি অবস্থান নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
এর আগে, রমজান মাসে আল-আকসায় প্রবেশে বিধিনিষেধের প্রতিবাদে ওল্ড সিটির বাইরে নামাজ আদায়কারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ লাঠি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছে।
এদিকে উৎসবের এই সময়েও দখলকৃত পূর্ব জেরুজালেমে বিষণ্ন পরিবেশে কাটছে। সাধারণত ঈদের আগের দিনগুলোতে ওল্ড সিটি ফিলিস্তিনিদের ভিড়ে পরিপূর্ণ থাকে, কিন্তু এবার এলাকা প্রায় জনশূন্য এবং নীরব।











