
নিজস্ব প্রতিবেদক চলতি বছরের এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড প্রতি ০৭ (সাত) দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) (deputycontroller.ssc@ gmail.com) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর (controller@dhakaeducationboard.gov.bd) উল্লিখিত ই-মেইলে প্রেরণ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।











