
জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। যার রাজ স্বাক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা। তারা ইলেকশন ইন্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়ে দিয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌর শাখার উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ভালো কাজের সহযোগিতা করবো। দেশ পরিচালনায় জন্য প্রয়োজনীয় পরামর্শ দিবো। দূর্ণীতি, চাঁদাবাজ, জুলুম নির্যাতন সহ সকল অন্যায় কাজের বিপক্ষে আমরা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবো।
রফিকুল ইসলাম খান এমপি বলেন, রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে। ইমান এবং ইহতিসাব অনুযায়ী রোজা রাখলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রোজা রেখে চাঁদাবাজি, দূর্নীতি সন্ত্রাসী কার্যক্রম করলে সেই রোজা আল্লাহ কবুল করবে না। আত্মসংযমের মাসের মর্যাদা রক্ষা করতে হবে। কোরআন অনুযায়ী পরিপূর্ণ জীবন গঠন করলে আমাদের জীবন স্বার্থক হবে।
উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিমের সভাপতিত্বে পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল বারী, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন।











