
নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধাননগরের বিশেষ আদালত।
রোববার দুপুর দেড়টার দিকে আদালত এ আদেশ দেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে ১৪ দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশও দেন।
গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরবর্তীতে আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে আসামিদের ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।











