হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে, বহন করছে সাড়ে ৭ লাখ টন পণ্য

নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং সিমেন্টশিল্পের কাঁচামালসহ প্রায় সাড়ে সাত লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে ১২টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে, বাকি তিনটি চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ১৫টি জাহাজের মধ্যে চারটিতে এলএনজি, দুইটিতে এলপিজি এবং নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। এসব জাহাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দেয়।

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পারস্য উপসাগর থেকে জাহাজগুলো হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে পৌঁছে।

বন্দর সূত্র জানায়, কাতারের রাস লাফান বন্দর থেকে ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ‘লুসাইল’ নামে একটি জাহাজ সোমবার এবং ‘আল গালায়েল’ নামে আরেকটি জাহাজ আগামী বুধবার বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। চারটি জাহাজে মোট প্রায় ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে।

এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, চারটি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামে আরেকটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে রয়েছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে। পরবর্তী চালান নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সরবরাহ সংকটের আশঙ্কায় সরকার খোলাবাজার থেকেও তুলনামূলক বেশি দামে দুটি এলএনজি জাহাজ কিনেছে, যেগুলো এখনো বন্দরে পৌঁছায়নি।

এদিকে ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে ‘সেভান’ নামে একটি জাহাজ রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে একই বন্দর থেকে ‘জি ওয়াইএমএম’ নামে আরেকটি জাহাজ ১৯ হাজার ৩১৬ টন এলপিজি নিয়ে বন্দরে পৌঁছেছে। দুটি জাহাজে মোট প্রায় ৩৫ হাজার টন এলপিজি রয়েছে, যা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজির জন্য আনা হয়েছে।

এ ছাড়া কুয়েতের শুয়াইবা বন্দর থেকে পাঁচ হাজার টন মনোইথিলিন গ্লাইকোল (এমইজি) নিয়ে ‘বে ইয়াসু’ নামে একটি জাহাজ গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

অন্যদিকে উপসাগরীয় অঞ্চল থেকে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার, জিপসাম, চুনাপাথর ও পাথর নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এসব জাহাজে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন কাঁচামাল রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৪–২৫ অর্থবছরে হরমুজ প্রণালি ব্যবহার করে এসব দেশ থেকে বাংলাদেশ প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যার বড় অংশই জ্বালানি পণ্য। তবে প্রণালি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন জাহাজ আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থালাপতির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু

সিরাজগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দুর্গানগর ইউনিয়নের

মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই মিনিটের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক: চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান