সিরাজগঞ্জ প্রতিনিধি: পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পাট অধিদপ্তরের কর্মকর্তারা, পাট চাষি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। এক সময় পাট ছিল দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। বর্তমান সময়ে পরিবেশ দূষণ রোধ এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাট চাষ সম্প্রসারণ, পাটের উন্নত জাতের ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট প্রক্রিয়াজাতকরণ এবং পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগিয়ে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার পাট চাষি ও ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা পাট চাষে প্রয়োজনীয় সহায়তা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.