নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। মামলাটি দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে আখ্যায়িত করেন, যা তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে। এ কারণে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।
বাদী আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট মন্ত্রী জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বক্তব্য দিয়েছিলেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.