সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত রবিবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই যমজ শিশুর তিন দিন পরও সন্ধান মেলেনি। তারা হলো ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলাম ও রেবেকা খাতুন দম্পতির ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা প্রথমে শ্যালো নৌকায় করে এনায়েতপুর যান। সেখান থেকে কেজির মোড় হয়ে বেলকুচির মুকুন্দগাতী বাজারে পৌঁছান। পরে বেলকুচির দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হন। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতেও তারা ফিরেননি।
এ ঘটনায় আজ মঙ্গলবার নিখোঁজ দুই শিশুর বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেও সন্তানদের কোনো খোঁজ পাননি। তিনি পরিবারের ফোন নম্বর সম্পর্কে সচেতন থাকায় শিশুরা তা বলতে পারবে বলেও জানান। জনসাধারণের কাছে কোনো তথ্য থাকলে দ্রুত তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানান তিনি।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.