
নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উল্লেখ করে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই প্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এটি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ‘প্রতারণার দলিল’।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন। কিন্তু কোন আইনের ভিত্তিতে তিনি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছেন—তা স্পষ্ট নয়। এ ধরনের কার্যক্রম পরিচালনার কোনো এখতিয়ার সিইসির নেই বলেও মন্তব্য করেন তিনি।











