
নিজস্ব প্রতিবেদক ঢাকার একটি আদালত জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছেরকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (৩০ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে গোয়েন্দা পুলিশ সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে জুলাই আন্দোলনের সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পাঁচশ থেকে সাতশ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আফজাল নাছেরের নির্দেশে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবার এ মামলা দায়ের করে।
আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আসামির ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।











