
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে অ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনস (এ্যাবজা) জোট পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার সংলগ্ন একটি রেস্টুরেন্টে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বিগত বছরের কার্যক্রম তুলে ধরে জোটকে আরও গতিশীল করার জন্য সকল সংগঠনের সহযোগিতা কামনা করেন। পরে জোট নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জ, হয়রানি এবং পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এ্যাবজা জোট সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রেজি: ০৬/২০২২)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে আহ্বায়ক এবং বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালালকে সদস্য সচিব করে জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জোটের এই কমিটিতে বিভিন্ন জাতীয়ভিত্তিক সাংবাদিক সংগঠনকে সদস্য সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জোটে অন্তর্ভুক্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে—জাস্টিস ফর জার্নালিস্ট, জাতীয় সাংবাদিক সংস্থা, টেলিভিশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ, বাংলাদেশ প্রেস ক্লাব, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থা, নারী সাংবাদিক ঐক্য পরিষদ, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন, জাতীয় প্রেস কাউন্সিল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাব, জুরাইন প্রেস ক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ, গ্রামীণ সংবাদ সংস্থা, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এবং সোনা মসজিদ প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন।
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের সাংবাদিক সমাজকে শক্তিশালী ও সংগঠিত করতে এ্যাবজা জোট একটি কার্যকর সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতে কাজ করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবে বলে জানানো হয়।
সভা শেষে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, পেশার মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জোটের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে দেশের আটটি বিভাগে বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটিতে স্থানীয় ও আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলো সদস্যপদ লাভ করতে পারবে।











