
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল নিয়ে অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড Brent Crude-এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭৯ ডলার ৪৪ সেন্টে দাঁড়িয়েছে। সোমবার এ তেলের দাম ৮২ ডলার ৩৭ সেন্টে পৌঁছায়, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। দিন শেষে ব্রেন্টের মূল্য ৬ দশমিক ৭ শতাংশ ঊর্ধ্বগতিতে স্থির হয়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড West Texas Intermediate ক্রুডের দাম ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ ডলার ৪০ সেন্টে ওঠে। আগের সেশনে এই তেলের দাম ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠলেও শেষ পর্যন্ত ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধিতে লেনদেন শেষ হয়।
বাজার বিশ্লেষক টনি সিকামোর রয়টার্সকে জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো ইঙ্গিত নেই। তার মতে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে। তিনি আরও উল্লেখ করেন, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা বাড়তে পারে।











