
নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাতিল শক্তি ও প্রতিবেশী বিদেশি সহায়তায় দাঁড়িপাল্লা প্রতীককে মূলধারায় আসতে দেওয়া হয়নি।
রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ দাঁড়িপাল্লার জোয়ার প্রত্যাশা করেছিল, কিন্তু তা রোধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা রাষ্ট্রের সাক্ষী হিসেবে জামায়াতকে মূলধারায় আসতে না দেওয়ার কথা স্বীকার করেছেন। গত দেড় বছর আওয়ামী লীগ অনুপস্থিত থাকলেও ভোটের দিন জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে।
তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অবজ্ঞা করা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। দ্রুত গণপরিষদ গঠন করে জুলাই সনদ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম খান আরও বলেন, ষড়যন্ত্রে ইসলামের বিজয় রোধ সম্ভব নয়। ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. শায়েখ আব্দুস সামাদ, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আসাদ উদ্দীনসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।











