
নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে সদরের পালং মডেল থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাতবরসহ ২৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলাম (২১) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা শরীয়তপুর জেলা শহরের ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নজরে পড়ে।
শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ছাত্রলীগ নেতা মহসিন মাতবরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।











