রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে সিরাজগঞ্জের রায়গঞ্জে অংশীদার বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং আগামী বছরের কার্যক্রম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সিডিপির ঘুড়কা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন। সভা সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সিডিপির সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব মন্ডল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. জুবায়ের এবং গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির সহকারী প্রোগ্রাম অফিসার পনুয়েল মন্ডল।
এছাড়াও অংশীদার স্কুলগুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির অন্যান্য কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় চলমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী বছরের জন্য একাডেমিক পরিকল্পনা, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও বিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা সম্ভব। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা গৃহীত বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.