অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
স্কট বেসেন্ট জানান, বর্তমানে সমুদ্রপথে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল অবস্থান করছে, যা আগামী ১০ থেকে ১৪ দিনের বৈশ্বিক চাহিদা পূরণে সক্ষম। বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজস্ব কৌশলগত তেল মজুদ থেকেও বাজারে তেল ছাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
ট্রেজারি সেক্রেটারি আরও জানান, মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করছে, যা বিশ্ববাজারে তেল সরবরাহ ধারা অব্যাহত রাখতে সহায়তা করছে। এর আগে ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরানের তেল রপ্তানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার করে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই নমনীয় পদক্ষেপ নিল ওয়াশিংটন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.