জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সোবির আহমেদের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে তিন টার দিকে সাইফুল আলম এক জেলেকে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেনু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠাফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয় যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেব খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.