
সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরার চাপে এবং সড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যমুনা সেতু-র পশ্চিম সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।
শুক্রবার ভোর থেকে সেতুর পশ্চিম মহাসড়কের ঢাকা-রাজশাহী রুটের সয়দাবাদ, মুলিবাড়ি চেকপোস্ট, কড্ডার মোড় ও ঝাঐল এলাকায় যানজট শুরু হয়। পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে পশ্চিম পাশেও। এ সময় যানবাহনের চাপ বাড়তে থাকায় সয়দাবাদ, মুলিবাড়ি চেকপোস্ট ও কড্ডার মোড় এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়।
ঢাকামুখী যাত্রী আল আমিন জানান, সকাল ৬টার দিকে কড্ডার মোড় এলাকা থেকে গাড়িতে ওঠেন তিনি। সেতু পার হতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লাগে, যেখানে সাধারণ সময়ে ১০ থেকে ১৫ মিনিটেই এ পথ অতিক্রম করা যায়।
সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা বলেন, ভোর থেকেই যানজট শুরু হয়েছে। সেতুর পূর্ব পাশে একটি দুর্ঘটনার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে, ফলে চাপ তৈরি হয়। তিনি জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
এদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতে যানবাহনের চাপ বেশি থাকলেও সকাল নাগাদ তা কিছুটা কমেছে। বর্তমানে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় যানজট নেই।











