নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে দেশের উত্তরাঞ্চলগামী যাত্রীদের চাপে যমুনা সেতুতে যানবাহনের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় সেতুটি ব্যবহার করে প্রায় সাড়ে ৮২ হাজার যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল বাবদ ৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করেছে কর্তৃপক্ষ।
যমুনা সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন সেতু অতিক্রম করে। এ সময়ে টোল আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে শুধু সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুটি পার হয়েছে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন। এসব যান থেকে টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
টোল আদায়ের এই ঊর্ধ্বগতির পেছনে ঈদযাত্রাকে মূল কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকে বাড়ি ফিরতে উত্তরবঙ্গের পথে যাত্রীদের চাপ ক্রমশ বাড়তে থাকে। সোমবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা মঙ্গলবার রাত পর্যন্ত অব্যাহত ছিল।
পরিসংখ্যান পর্যবেক্ষণে দেখা যায়, উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা তুলনামূলক বেশি। গত ২৪ ঘণ্টায় উত্তরের দিকে যাওয়া ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। অপরদিকে, ঢাকামুখী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন থেকে টোল পেয়েছে কর্তৃপক্ষ ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ বাড়তি উদ্যোগ নিয়েছে। টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি এড়াতে ৯টির পরিবর্তে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। মোটরসাইকেল চালকদের দ্রুত পারাপারের জন্য সেতুর দুই পাড়ে আলাদা দুটি করে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতুতে গাড়ির চাপ নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেনের অংশটুকু তুলনামূলক ভালো থাকায় যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা থাকলেও বুধবার সকাল পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো জট তৈরি হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও সেতু কর্তৃপক্ষ।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.