নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই বসবাস করবেন এবং সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন অতিরিক্ত প্রেস সচিব।
আতিকুর রহমান রুমন বলেন, গুলশানের নিজস্ব বাসাটিতে থাকতে প্রধানমন্ত্রী বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে অনুযায়ী বাসাটিকে ইতোমধ্যে প্রয়োজনমতো সাজানো-গুছানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর তিনি সপরিবারে গুলশানের ওই বাসায় ওঠেন এবং তখন থেকেই সেখানে বসবাস করছেন।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন যমুনায় ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ব্যক্তিগত বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিলেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.