নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার উপযুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল থাকায় এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে চিকিৎসকদের মেডিকেল বোর্ড প্রয়োজনীয়তা অনুভব করলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।
ডা. রফিকুল ইসলাম আরও জানান, গতকাল মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিবারের সম্মতি নিয়ে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
এর আগে জুমার নামাজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তারেক রহমানকে অবহিত করেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.