
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন জনতা ও একদল শিক্ষার্থী। রোববার বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ঘিরে ধরে এবং আটকে রাখে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আটকের সময় জনতা ও শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং বিগত সময়ে ছাত্র আন্দোলনে তাঁর উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি উপস্থিত হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার জন্য আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন।











