
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মো. রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছিল যে এটি রাকিব হাসান। তবে রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন রাকিব হাসান সুস্থ আছেন এবং ঘটনার পর লাইভে এসে এ সংবাদ ভুল হিসেবে স্পষ্ট করেছেন।
রাকিব হাসান লাইভে জানান তিনি সুস্থ আছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন। রাকিব হাসানের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই ছড়ানো ভুল তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া প্রসঙ্গে সতর্কতা দিয়েছেন এবং সংবাদ প্রচারের আগে তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।











