
নিজস্ব প্রতিবেদক: ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের তথ্য ও সরকারি সেবা একটি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগসংক্রান্ত আলোচনার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, নাগরিকদের তথ্য ও বিভিন্ন সেবা একত্রে ব্যবস্থাপনার লক্ষ্যে একক কার্ড চালুর সম্ভাবনা নিয়ে কাজ চলছে। ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সরকার কাজ করছে। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধির সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি খাতে অতীতের চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগের সরকারের সময়ে কিছু চুক্তি অসম ছিল। তাই ভবিষ্যতে ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি খাতে চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয় কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এমন চুক্তি করা হবে যাতে দেশের স্বার্থ অগ্রাধিকার পায় এবং একই ধরনের চুক্তির পুনরাবৃত্তি না ঘটে।











