
নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কার্ডধারী ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ভুক্তভোগীকে মাত্র ৮ কেজি করে চাল দেওয়া হয়েছে। শনিবার সকালে পৌরসভায় চাল বিতরণকালে এ অনিয়মের প্রমাণ মেলে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেলকুচি পৌরসভার ৪ হাজার ৬০০ জন ভিজিএফ কার্ডধারীর জন্য ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে সরেজমিনে দেখা যায়, বিতরণকালে ডিজিটাল স্কেলে ওজন না করে বালতির মাধ্যমে দায়সারাভাবে চাল দেওয়া হচ্ছে। ওজন মেপে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই চালের পরিমাণ ৮ কেজির বেশি নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বিতরণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন। তিনি বাইরে থেকে লোক এনে ৮ কেজি হারে চাল বিতরণের নির্দেশ দেন। এ বিষয়ে খাদ্য বিভাগের কোনো ভূমিকা ছিল না বলে জানান ওই কর্মকর্তা।
ভুক্তভোগী একাধিক কার্ডধারী অভিযোগ করেন, তাদের ১০ কেজি চাল দেওয়ার কথা বলা হলেও বাস্তবে দুই কেজি কম দেওয়া হয়েছে। তারা দাবি করেন, গরিব মানুষ হওয়ায় প্রতিবাদ করার সক্ষমতা তাদের নেই।
অভিযোগ অস্বীকার করে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বলেন, নিয়ম মেনেই চাল বিতরণ করা হয়েছে এবং মাপে কোনো কম দেওয়া হয়নি।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।











