নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এদিন দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকায় ৩০ রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে ক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে শনিবার।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দিগন্তে অবস্থান করবে মাত্র ৫৪ সেকেন্ড, যা চাঁদ দেখার জন্য অত্যন্ত স্বল্প সময়। ফলে এদিন চাঁদ দেখা কঠিন হতে পারে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা সময় ধরে আকাশে চাঁদ দৃশ্যমান থাকার সম্ভাবনা রয়েছে, যা চাঁদ দেখার অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে।
এদিকে আবহাওয়া পরিস্থিতি প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুই সপ্তাহ ধরে দেশে বৃষ্টি ও শিলাবৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই প্রবণতা আগামী সপ্তাহেও থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে তিনি আরও জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শনিবার পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজ করতে পারে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.