
নিজস্ব প্রতিবেদক বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ সরকার সে পথে যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতির ওপর চাপ কমাতে সরকার বিশ্ববাজারের তুলনায় কম দামেই জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে।
রবিবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই চাপ আরও বাড়বে এবং তা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জনগণের ওপরও পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকার যে অর্থনৈতিক অবস্থা থেকে দায়িত্ব নিয়েছে তা ছিল নিম্নগামী। তার ওপর বৈশ্বিক চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। তবে সরকারের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত জনগণের ওপর তেমন চাপ সৃষ্টি হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়ালেও বাংলাদেশ তা বাড়ায়নি। এ ছাড়া গত ঈদুল ফিতরে তেলের সরবরাহজনিত কোনো সমস্যা ছিল না এবং পরিবহন ব্যবস্থা সচল ছিল বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তবে কঠিন সময়কে স্বীকার করে নেওয়ার পাশাপাশি সংযমের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।











