নিজস্ব প্রতিবেদক: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক।
বৃহস্পতিবার (১২ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে ডেপুটি স্পিকার করা হয়েছে কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।
তিনি আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন মো. সাহাবুদ্দিন, যাকে তিনি ‘ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার সীমাবদ্ধতার কারণে বিষয়টি তখন পরিবর্তন করা সম্ভব হয়নি। তবে নির্বাচনের পর নতুন সরকার একই রাষ্ট্রপতির মাধ্যমেই কার্যক্রম শুরু করায় তারা মর্মাহত হয়েছেন।
সারজিস আলম দাবি করেন, জুলাই সনদকে উপেক্ষা করে বিএনপি যদি জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করার চেষ্টা করে, তাহলে সংসদের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হবে। কোনো দল যদি ক্ষমতার স্বার্থে স্বৈরাচারী পথে হাঁটতে চায়, তাহলে জনগণ ও বিরোধী দল একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের দাবি তোলা হয়েছে। তার মতে, এই রাষ্ট্রপতির মাধ্যমে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.