
নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর অলঙ্কার মোড় এলাকায় অবস্থিত যায় ফ্যাশন কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার থেকে কারখানাটিতে ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। শেষ কর্মদিবস মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। মালিক বা কোনো কর্মকর্তাকে না পেয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কোনো ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা প্রতিবাদ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় যানজট এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে এবং ঈদের আগে মঙ্গলবার সব পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু রাতের মধ্যে বা সকালে কারখানায় তালা দিয়ে মালিক চলে যান। বেতন ও বোনাস না পাওয়ায় ঈদ উদযাপন নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন বলে জানান।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন।
শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কারখানাটিতে প্রায় ১০০ শ্রমিক কাজ করেন এবং অতীতেও বেতন-ভাতা নিয়ে সমস্যা হয়েছিল। মালিক জামাল হোসেন কারখানায় তালা দিয়ে চলে গেছেন এবং তার বাসাও তালাবদ্ধ পাওয়া গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট বায়ারদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের প্রায় ৫০ শতাংশ বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থ ঈদের পর পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে এবং শ্রমিকরা আপাতত তা মেনে নিয়েছেন।











