নিজস্ব প্রতিবেদক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় ঐতিহ্যবাহী সোলেমান লেংটার মেলা প্রশাসনিক অনুমতি ছাড়াই শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে মেলা শুরুর কথা থাকলেও ভক্তদের আগাম উপস্থিতির কারণে সোমবার থেকেই মেলার কার্যক্রম শুরু হয়।
বেলতলী লঞ্চঘাট থেকে সাদুল্ল্যাপুর মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মেলার বিস্তৃতি ঘটেছে। ইতিমধ্যে সেখানে অসংখ্য দোকানপাট ও অস্থায়ী আস্তানা গড়ে উঠেছে।
মেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আছেন বলে জানা গেছে।
বিগত বছরগুলোতে এই মেলায় গাঁজা বিক্রি, জুয়া, চাঁদাবাজি ও অশ্লীলতার অভিযোগ ছিল। এসব কারণ দেখিয়ে কয়েকটি সংগঠন মেলা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে।
মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া জানান, যেসব এলাকায় গাঁজার দোকান বসে সেগুলো তার নিয়ন্ত্রণাধীন নয়। তিনি ওরশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনৈতিক কাজ না হয়, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া নদীপথে আগত যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনা মাজার এলাকার বাইরে ঘটে।
মতলব উত্তর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক জানান, ইসলামে মাদক, অশ্লীলতা ও বেহায়াপনার স্থান নেই। ধর্মীয় মূল্যবোধ থেকে এসব পরিহার করা জরুরি বলে মনে করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, মেলায় বিপুল জনসমাগম হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকধারী ও সিভিল পোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, এখনো মেলার কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, পীর ও সাধক হযরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মৃত্যুবরণ করেন। তার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর চৈত্রের ১৭ তারিখে ওরশ ও মেলার আয়োজন করা হয়। লেংটার মেলা নামে পরিচিত এ আয়োজনে প্রতিবছর লাখো মানুষের সমাগম ঘটে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.