অনলাইন ডেস্ক: পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন গজব লিল-হা’ অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন আফগান তালেবান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। শনিবার ইসলামাবাদে সরকারি সূত্র এ তথ্য জানায়। একই সঙ্গে দুই দেশের সীমান্তজুড়ে বিমান হামলা ও গোলাগুলি অব্যাহত রয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেন, অভিযানে প্রায় ৫০০ তালেবান সদস্য আহত হয়েছেন। পাকিস্তানি বাহিনীর হামলায় তালেবানের ১০৪টি সামরিক চৌকি ধ্বংস এবং ২২টি সীমান্ত পোস্টের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা হয়েছে। এছাড়া বিমান হামলায় ৩৭টি লক্ষ্যবস্তুতে আঘাত এবং ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও জানিয়েছে ইসলামাবাদ।
অন্যদিকে আফগান সামরিক ও পুলিশ বাহিনী পাল্টা দাবি করেছে, তারা জালালাবাদে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে এর পাইলটকে আটক করেছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
শুক্রবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করার পর থেকে সীমান্ত এলাকায় সংঘাত তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস অবিলম্বে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এ সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।
একই সঙ্গে আফগান ভূখণ্ড যেন কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে তালেবান কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানিয়েছে ইইউ।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.