অনলাইন ডেস্ক: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ ও সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীরা এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হন। একপর্যায়ে তারা কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন এবং পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রেঞ্জার্স সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছেন।
এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা ও জিও নিউজ
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.