নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হতাশা দূর করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে প্রতিপক্ষ পাকিস্তানকে তাদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। জবাবে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে দেন তরুণ পেসার নাহিদ। মাত্র ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এটিই তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।
১১৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ২৭ রান তুললেও মাত্র ৪ রান করে ফিরে যান সাইফ। তবে অপর প্রান্তে তাণ্ডব চালিয়ে যান তামিম। মাত্র ৩২ বলে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন এই ওপেনার।
পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদের হাতে বল তুলে দিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন অধিনায়ক মিরাজ। আক্রমণে এসেই প্রথম উইকেট এনে দেন নাহিদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন তিনি। মিরাজ ও তাসকিনও পরে উইকেট শিকারে যোগ দেন। শেষ উইকেটে ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ৩২ রানের জুটি গড়লে পাকিস্তান একশো রানের গণ্ডি পার করে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.