
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে লুটপাট হয়েছে তার দায় নির্ধারণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর হতে দেওয়া হবে না।
রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটিই ছিল তার প্রথম সরকারি সফর।
মন্ত্রী বলেন, ঢাকার বায়ুদূষণের মাত্রা বর্তমানে বিশ্বের সবচেয়ে খারাপগুলোর মধ্যে একটি। জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের মান উন্নয়ন জরুরি। আগের কাউকে দোষারোপ করে লাভ নেই, বরং দূষণ কমাতে সবাইকে দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, মাটি পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইট চালু করা এক-দুই বছরের মধ্যে সম্ভব নয়, এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে ধীরে ধীরে পরিবেশবান্ধব ব্লক ইটের দিকে যেতে হবে।
এ সময় ফেনীর জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











