
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। কামারখন্দ উপজেলার নলকা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা হোরগাতী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সকালে রংপুর থেকে ‘বুসরা এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কামারখন্দ উপজেলার নলকা হোরগাতী ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগামী বাসটি সজোরে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।










