
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। তিনি তালেবান নেতৃত্বকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানান।
ইমরান খান আরও বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়, যাতে পাকিস্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
গত সপ্তাহে তালেবান স্কুল খোলার সময় মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি। তবে পাকিস্তানের নেতারা বলছেন, শিগগিরই এ অনুমতি দেওয়া হবে।
ইমরান খান বিবিসিকে বলেন, এখন পর্যন্ত ক্ষমতায় আসার পর তালেবান যেসব বিবৃতি দিয়েছে, সেগুলো খুবই উৎসাহব্যঞ্জক।
ইমরান খান বলেছেন, ‘আমার ধারণা, তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। মেয়েরা শিক্ষিত হবে না, এমন ধারণা ইসলামসম্মত নয়। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই।’
তালেবান নেতারা বলে আসছেন, ইসলামি আইনের কাঠামোর মধ্য দিয়ে নারীর অধিকারকে সম্মান করা হবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.