নিজস্ব প্রতিবেদক রংপুরে এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু-কে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসান-এর ঘনঘন ‘স্যার’ সম্বোধন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মাত্র দুই মিনিটের বক্তব্যে তিনি মন্ত্রীকে ৫০ বারেরও বেশি ‘স্যার’ বলে সম্বোধন করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ডিসি এনামুল আহসান রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করছেন। তবে বক্তব্যের প্রায় প্রতিটি বাক্যে একাধিকবার ‘স্যার’ শব্দ ব্যবহার করতে দেখা যায় তাকে।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, অল্প সময়ের মধ্যে একই সম্বোধনের পুনরাবৃত্তিতে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের পাশাপাশি নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।
শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যরা, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আয়োজিত এই সভায় উন্নয়ন প্রস্তাবনার চেয়ে ডিসির অতিরিক্ত সম্বোধনই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.