আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের একজন ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল্লাহ। চার সন্তানের জনক-তিন ছেলে ও এক মেয়ে। পরিবারে রয়েছেন দুইজন মা, চার ভাই, যাদের মধ্যে একজন বিবাহিত। বাকিদের জীবনও কোনোভাবে চলে তাঁর ওপর নির্ভর করেই। প্রতিদিন দুই ভাইকে দিতে হয় চার শত আফগানি।
রবিবার (১৫ জুন) ঈদের ছুটি শেষে দোকান খুললেও সারাদিনে কাস্টমার এসেছে মাত্র হাতে গোনা কয়েকজন। আয় মাত্র ১১০০ আফগানি, যেখানে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০০০। দোকান ভাড়ার টাকা দিতে না পারায় সকালে দোকান মালিক এসে চলে গেছেন খালি হাতে। ফ্যানও চালানো হয়নি-কারণ বিদ্যুৎ বিল জমে আছে।
একসময় ঘরে ছিল কম্পিউটার, ব্যক্তিগত প্রাইভেট গাড়ি, কিন্তু বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করে এখন প্রায় নিঃস্ব। তবুও অভিযোগ নেই মুখে। জীবন টিকিয়ে রাখতে ব্যবসা ছেড়ে প্লাস্টিক বিক্রির কথাও ভাবছেন শফিকুল্লাহ। বলেন, ‘‘সেই কাজ করলে আয় হবে দিনে এক থেকে দুইশ আফগানি।’’
চোখে জল নিয়ে বলেন-“আমরা আফগানদের আর কোনো আশা নেই, শুধু আল্লাহ জানেন আমাদের ভাগ্যে কী আছে।”
এই আফগানি ব্যবসায়ীর নীরব অথচ হৃদয়বিদারক জীবনসংগ্রাম যুদ্ধবিধ্বস্ত একটি দেশের অগণিত মানুষের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.