
রেশনিং প্রত্যাহারের পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকট ও ভোগান্তি কমেনি। ঈদের ছুটির মধ্যেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, কোথাও কোথাও পাম্প বন্ধ এবং তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার চিত্র দেখা গেছে।
সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়। অনেক পাম্প বন্ধ থাকলেও যেগুলো খোলা রয়েছে, সেগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অপেক্ষা করেও তেল পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
রাজধানীর বিজয় সরণি এলাকার একটি পাম্পে যানবাহনের সারি গিয়ে পৌঁছেছে মহাখালী পর্যন্ত। একই ধরনের চিত্র দেখা গেছে বাড্ডা এলাকায়ও। বাড্ডা লিংক রোডের সিটিজেন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পাম্পটি বন্ধ এবং সেখানে তেল না থাকার নোটিশ টাঙানো রয়েছে।
অন্যদিকে উত্তর বাড্ডার মক্কা পেট্রোল পাম্পে সীমিত পরিসরে সরবরাহ চললেও পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। উত্তর বাড্ডা থেকে শুরু হওয়া এই লাইন গিয়ে শেষ হয়েছে বাড্ডা লিংক রোড পর্যন্ত। লাইনে দাঁড়িয়ে থাকা এক ভুক্তভোগী জানান, দেড় ঘণ্টা অপেক্ষার পরও তিনি অনেক পেছনে রয়েছেন এবং কবে তেল পাবেন তা অনিশ্চিত।
এর মধ্যে রোববার বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, সংকট অব্যাহত থাকলে যেকোনো সময় সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কায় রাজধানীতে তেল নিতে মানুষের চাপ আরও বেড়েছে।
ব্যবহারকারীরা বলছেন, রেশনিং তুলে নেওয়ার পরও যদি এমন পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে সামনে ভোগান্তি আরও বাড়তে পারে।











