নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোাতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছার পর তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।
পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম বলেছেন, আজ সকালে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এ সময় তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং তোবগে।
দুপুরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরের পর শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক হবে। পরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.