নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি বৈঠকের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই আলোচনা ছিল ২০২৫ সালের ৮–১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকসের পরবর্তী কার্যক্রমের অংশ। বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। যুক্তরাষ্ট্রের পক্ষে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটার।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
বৈঠকে সামরিক প্রশিক্ষণ সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল প্রশিক্ষণ বিনিময়, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা উন্নয়ন, যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন এবং প্রশিক্ষণ পদ্ধতি।
এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৮ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত হয়েছিল।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.