ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক।
সুইসজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে স্থানীয় সময় বুধবার এ কথা জানান তিনি।'
টার্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে।
এ সময় প্রধান উপদেষ্টা ছাত্র-জনতা আন্দোলনে সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মধ্য ফেব্রুয়ারিতে ছয়টি স্বাধীন কমিশনের রিপোর্টও প্রকাশ হবে। এ প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
টার্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.