
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার ১০ মার্চ দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখার পর তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে নেন এবং অন্যান্য প্রসিকিউটরদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানার জন্য তিনি আলোচনা করেন এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেন। তিনি আরও জানান, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার দুই বা তিন দিন আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এর আগে অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। দৈনিক প্রথম আলো ও নেত্র নিউজ ওই রেকর্ডিং সংগ্রহ করে যাচাই করেছে এবং এ বিষয়ে একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।
অভিযোগ ওঠার পর ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সংশ্লিষ্ট মামলার কার্যক্রম থেকে সাইমুম রেজা তালুকদারকে সরিয়ে দেন। তবে তার বিরুদ্ধে পরবর্তী সময়ে আর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও তাকে সরানো হয়নি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদে তিনি ব্যথিত হয়েছেন এবং বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।











