
নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে জাতীয় সংসদের ভেতরে সমাধান না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সংসদে স্পিকার আমাদের স্পষ্ট নোটিশ দিতে বলেছেন। আমরা নোটিশ দেবো এবং সংসদের ভেতরে বিষয়টি আলোচনা করবো। যদি সংসদে সমাধান না হয়, তবে রাজপথে যেতে বাধ্য হবো। আমরা বিশ্বাস করি সরকার আমাদের দাবি মেনে নেবে।”
এর আগে অধিবেশন চলাকালে তিনি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে জানান, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না। তিনি বিরোধীদলীয় নেতাকে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রস্তাব দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন—স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল।











