নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনগুলোর প্রধান, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।,
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক হিসেবে প্রায় ৫০০ জন নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।
এ সময় নির্বাচন কমিশনার নির্বাচনের সামগ্রিক চিত্র তুলে ধরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনের দাবি, ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.