নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা আটকা পড়েছে।
শুক্রবার রাত আটটার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি যমুনার মাঝনদীতে গিয়ে পথ হারিয়ে ফেলে।
বরের বড় ভাই রাশেদুল ইসলাম বাবু মুঠোফোনে জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার বাসিন্দা সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানির (২০) বিয়ে উপলক্ষে শুক্রবার সকালে ৪৭ জন বরযাত্রী বগুড়া শহরের সাবগ্রামের চারমাথা এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সন্ধ্যা ছয়টার দিকে তারা সারিয়াকান্দি উপজেলার কলাতলী ঘাট থেকে নৌকায় মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন।
তিনি বলেন, যমুনার মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ ঘন কুয়াশা পড়লে নৌকার মাঝি দিকনির্দেশনা হারিয়ে ফেলেন। রাত আটটা থেকে ১২টা পর্যন্ত পথ খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ একাধিকবার যোগাযোগ করা হলেও কুয়াশার কারণে কোনো সহায়তা পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে মাঝনদীতেই নোঙর করে অবস্থান নেয় নৌকাটি।
নৌকায় বর-কনে ছাড়াও ১৭ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে চারজনের বয়স এক থেকে দেড় বছরের মধ্যে।
বরযাত্রী বজলুর রহমান বলেন, যাত্রার সময় তেমন কুয়াশা ছিল না। কিন্তু মাঝনদীতে পৌঁছানোর পর কিছুই দেখা যাচ্ছিল না। ছোট শিশু ও নারী নিয়ে আমরা চরম দুর্ভোগে আছি। একদিকে তীব্র শীত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় সবাই আতঙ্কিত। পলিথিন মুড়িয়ে কোনোমতে বসে আছি। মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে।
নৌকার মাঝি আবুল কাশেম বলেন, টর্চলাইটে পাঁচ ফুটের বেশি দেখা যায় না। কোন দিকে যাব, সেটাই বুঝতে পারছি না। নদীতে পানি কম থাকায় একটু এগোলেই নৌকা আটকে যাচ্ছে। সম্ভবত সারিয়াকান্দি ও মাদারগঞ্জের জামথল ঘাটের মাঝামাঝি কোথাও আছি। এখন সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, নৌকাটি সারিয়াকান্দি থানার জলসীমার মধ্যে অবস্থান করছে। বিষয়টি সারিয়াকান্দি থানা ও যমুনা তীরবর্তী স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে উদ্ধারকারী দল নৌকার কাছাকাছি পৌঁছাতে পারছে না। নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.