নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাঁদা না দেওয়ায় এক শিল্প উদ্যোক্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ মার্চ পোড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান মো. নুরুজ্জামান রানা।
২০২১ সালে গফরগাঁও উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামে একটি কারখানা স্থাপন করেন নুরুজ্জামান রানা। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে একটি চক্র তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করলে চক্রটি তাকে ছিনতাই, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ছয়টি মিথ্যা মামলায় আসামি করে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগীর বরাতে জানা যায়, গত ৬ মার্চ ভোরে তিনি বাড়িতে এলে বেলা সাড়ে ১২টার দিকে নয়টি মোটরসাইকেল ও তিনটি অটোরিকশায় প্রায় ৪০ থেকে ৪২ জনের একটি সশস্ত্র দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তার বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় তারা জুমার নামাজের আগেই তাকে হত্যার হুমকি দেয়।
বাড়িতে শতাধিক লোক উপস্থিত থাকায় দলটি সেখানে বেশি সময় অবস্থান না করে পোড়াবাড়িয়া বাজারের দিকে চলে যায়। পরে বাজারে এক দোকানদারকে শর্টগানের বাট দিয়ে আঘাত ও মারধর করে এবং কটূক্তি করা হয়। ওই দিন বিকেলে কারখানা ছুটি হলে কর্মীদের বহনকারী গাড়ি রাস্তায় আটকিয়ে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ভুক্তভোগী নুরুজ্জামান রানা ৭ মার্চ থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানা যায়নি।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.