
অনলাইন ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম Iran International। একইসঙ্গে খামেনিকে মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা Fars News Agency।
প্রতিবেদনে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ডের প্রভাবের মধ্যে ইরানের এসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করেছে। তবে এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। গত শনিবার সকালে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি মৃত্যুর আগে টানা ৩৬ বছর ইরানের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
খামেনির জন্ম মাশহাদ শহরে। শহরটি ইরানিদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত। তাঁর ইচ্ছা অনুযায়ী মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাঁকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র: Iran International











