
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে আসা একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছেন।











